ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌননির্যাতন প্রতিরোধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) শহরতলীর ত্রিশমাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির পিটিআরসি অডিটরিয়ামে টেরেডেস্ হোমস নেদারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা’র বাস্তবায়নে ও আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী দেবব্রত অধিকারী।
সভায় সুভাষ চন্দ্র সরকার বলেন, “মৌমাছি ফুল থেকে মধু নেয় আর সেই ফুল থেকে ভ্রমর বিষ নেয় অতএব আমাদের সঠিক ব্যবহারের উপর নির্ভর করছে আমরা ইন্টারনেট থেকে কি আহরণ করতে চাই।”
অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস বলেন, “সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি একটি ভয়াবহ সমস্যা হিসাবে দেখা দিয়েছে, প্রতিদিন ইন্টরনেটের মাধ্যমে বিকৃত যৌন নির্যাতন ও যৌন বাসনার শিকার হয়ে হারিয়ে যাচ্ছে অগণিত শৈশব। এহেন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকে ইন্টারনেটের ভাল মন্দ দিকগুলো সম্পর্কে আগেই অবহিত করতে হবে, খারাপ সাইডগুলো থেকে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের। এর জন্য সম্মিলিতভাবে সজাগ হতে হবে, সরকারকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারবিধি পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে। সভা সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার মো. সফিউল হক। (প্রেস বিজ্ঞপ্তি)
